
আবুল হোসেন বাবলুঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃতীয় লিঙ্গের
আনোয়ারা ইসলাম রানি।
সোমবার ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার পর তার নির্বাচনী মিডিয়া সেলের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি রংপুরের মানুষের উন্নয়ন ও বৈষম্যমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
বিবৃতিতে রানি বলেন, আজ মনোনয়ন ফরম জমা প্রদানের মাধ্যমে আমি রংপুরের মানুষের প্রতি আমার দায়বদ্ধতা নতুন করে ঘোষণা করছি। আমার কোনো ব্যক্তিগত পিছুটান নেই। তাই জীবনের পুরো সময় আমি রংপুরের মানুষের সার্বিক উন্নয়নে নিজেকে নিঃস্বার্থভাবে উৎসর্গ করতে চাই।
প্রান্তিক মানুষের অধিকার আদায়ে নিজের অনড় অবস্থানের কথা জানিয়ে রানি আরও বলেন, দেশের সকল প্রান্তিক জনগোষ্ঠীকে প্রান্তিকতার অভিশাপ থেকে মুক্ত করে ন্যায়ভিত্তিক, মানবিক ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলাই আমার দৃঢ় অঙ্গীকার।
নির্বাচনী মাঠে আলোচনার কেন্দ্রে থাকা এই স্বতন্ত্র প্রার্থী জানান, আমি দীর্ঘদিনের অবহেলিত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করতে চাই। রংপুরের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন আমাকে জয়ের ব্যাপারে আশাবাদী করে তুলেছে।
রংপুর-৩ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃতীয় লিঙ্গের রানির অংশগ্রহণ এবার নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে। ###









