
ডেস্ক রিপোর্ট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় র্যাব-১৩ সহ যৌথ বাহিনীর উদ্যোগে বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জাতীয় ও স্থানীয় নির্বাচনসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করাও বাহিনীটির অন্যতম দায়িত্ব।
এরই ধারাবাহিকতায় সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বোদা মডেল পাইলট স্কুল থেকে একটি যৌথ মহড়া শুরু হয়ে পাঁচপীর ও সাকুয়া এলাকা প্রদক্ষিণ করে দুপুর ২টা ৪০ মিনিটে বোদা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে বোদা উপজেলা প্রশাসন, র্যাব-১৩ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।
একই দিন দুপুর ২টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঠাকুরগাঁও-২ আসনের হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সম্ভাব্য বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনী ও র্যাব-১৩ অংশগ্রহণ করে।
এছাড়া নীলফামারী জেলার ডিমলা উপজেলা ও নাওতারা ইউনিয়নে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত র্যাব-১৩, সিপিসি-২ নীলফামারী ক্যাম্প, বাংলাদেশ পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ, সশস্ত্র টহল, যানবাহন তল্লাশি ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
রংপুর জেলার মিঠাপুকুর এলাকায়ও বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসন, র্যাব-১৩, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি অংশগ্রহণ করে।
র্যাব-১৩ জানিয়েছে, আসন্ন নির্বাচনে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করতে এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নাশকতা, সহিংসতা, গুজব ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। চেকপোস্ট, মোবাইল টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।







