
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৪৬ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক
কুড়িগ্রামের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ৪৬ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মোবাইল ফোন, গরু ও ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪৬ লাখ ৪৭ হাজার টাকা। আটক মালামাল সংশ্লিষ্ট আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচার রোধে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম ব্যাটালিয়ন জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।







