
নিজস্ব প্রতিবেদক, সাভার:
ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুর এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক যুবকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, অশ্লীল গালাগাল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী যুবক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন। বর্তমানে তিনি ও তাঁর পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন।
অভিযোগকারী তেঁতুলঝোড়া ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা (২৩) সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের চন্দ্রনারায়নপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি হেমায়েতপুরের ঝাউচর এলাকায় বসবাস করছেন। তাঁর পিতা আক্কেল আলী ও মাতা সালেহা বেগম।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ২ মার্চ ২০২৬ ইং তারিখ আনুমানিক দুপুর ১টার দিকে তিনি নিজ বাসায় অবস্থানকালে “চেয়ারম্যান পদপ্রার্থী তেঁতুলঝোড়া ইউনিয়ন” নামের একটি ফেসবুক আইডি থেকে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হয়।
একই সঙ্গে আপত্তিকর ও অশ্লীল ভাষায় গালাগাল করা হয় এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগীর দাবি, তাঁর সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে। বিষয়টি জানার পর তিনি আইডিটির প্রকৃত পরিচয় শনাক্তের চেষ্টা করেন;
তবে বিভিন্নভাবে অনুসন্ধান করেও অভিযুক্ত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেননি।
তেঁতুলঝোড়া ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা বলেন, “আমি ও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছি। ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করেছি।
ঘটনাটি এলাকায় আলোচনা সৃষ্টি করেছে। ভুক্তভোগী দ্রুত বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।







