
ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার এক মেধাবী শিক্ষার্থী, যিনি -এ হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, আর্থিক সংকটের কারণে আগামী সেমিস্টারে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে শিক্ষার্থীর পাশে দাঁড়ায় প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ এর উদ্যোগে শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সহায়তার ফলে তার পরবর্তী সেমিস্টারে ভর্তি সংক্রান্ত অনিশ্চয়তা দূর হয়েছে এবং তিনি পড়াশোনা চালিয়ে যাওয়ার নতুন প্রেরণা পেয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে এবং আর্থিক প্রতিবন্ধকতা দূর করতে প্রশাসন সবসময় মানবিক উদ্যোগ গ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এ সহায়তা প্রদান করা হয়েছে।
আর্থিক সহায়তা পেয়ে শিক্ষার্থী ও তার পরিবার উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় শিক্ষানুরাগীরাও এ উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন।
এ বিষয়ে ইউএনও অমৃত দেব নাথ বলেন, “মেধাবী শিক্ষার্থীরা দেশের সম্পদ। আর্থিক সংকটের কারণে যেন কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন ব্যাহত না হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, একাডেমিক সাফল্য ও সার্বিক কল্যাণ কামনা করা হয়েছে।









