
মোঃ নাজমুল হাসান অপু
বরগুনা প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলায় পানিতে ডুবে সাইমন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কাজীরখাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইমন কাজীরখাল গ্রামের রফিক আকনের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে সাইমন তার বাবার পাশে বসে খেলছিল। কিছুক্ষণ পর পরিবারের সদস্যদের অগোচরে সে সেখান থেকে চলে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি ডোবার পানিতে সাইমনকে পড়ে থাকতে দেখা যায়।
পরে দ্রুত শিশুটিকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সব্যসাচী দাস বলেন, “সকাল ১১টার দিকে পানিতে ডুবে যাওয়া সাইমন নামের এক শিশুকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।”
সাইমনের মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।






