
নিজস্ব প্রতিবেদক, হাসান মাহমুদ জয়
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৩ নং তিলাই ইউনিয়নে মাদকবিরোধী ক্যাম্পেইন ও সচেতনতামূলক কর্মসূচি চলাকালে মাদক ব্যবসায়ী পরিবারের হামলায় একজন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। শনিবার সকালে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গত শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ‘এলাকাবাসী ও সুধিসমাজ’-এর উদ্যোগে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের সরকারপাড়া মাদ্রাসা মোড়ে একটি মাদকবিরোধী ক্যাম্পেইন ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়। তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের নেতৃত্বে আয়োজিত এই ক্যাম্পেইনে এলাকার শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা এলাকার মাদকসেবনকারী ও বিক্রেতাদের বাড়ি বাড়ি গিয়ে মাদকের কুফল সম্পর্কে সচেতন করেন।
কর্মসূচি চলাকালীন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে মাদকবিরোধী ক্যাম্পেইনের সাথে যুক্ত থাকা একই এলাকার মৃত রফাতউল্লার ছেলে গোলজার হোসেন (৪৭) রক্তাক্ত ও গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য:
এ ঘটনায় শুক্রবার রাতেই আহত গোলজার হোসেন চারজনকে অভিযুক্ত করে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন— নাছির উদ্দিন (৫২) এবং তার তিন ছেলে রমজান আলী (৩২), হযরত আলী (২৮) ও কফিল উদ্দিন (২০)।
প্রত্যক্ষদর্শী আমিনুর, আলম, মাসুদ ও আলতাফ জানান, অভিযুক্ত এই পরিবারটি দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছে। মাদকবিরোধী শান্তিপূর্ণ ক্যাম্পেইনে মাদক ব্যবসায়ীদের এই ধৃষ্টতাপূর্ণ হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এলাকাবাসী অনতিবিলম্বে এই বর্বরোচিত হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান জানান, মাদকবিরোধী ক্যাম্পেইন থেকে ফেরার পথেই তার সামনে এই হামলার ঘটনা ঘটে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তিনি ভুক্তভোগীকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।






