
নিজস্ব প্রতিবেদক | গাজীপুর, টঙ্গী
৫ আগস্ট ২০২৪ সালের পর সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হঠাৎ করেই বহু শিক্ষককে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার ঘটনা ঘটে। একই ধারায় গাজীপুরের টঙ্গীতে অবস্থিত কাদেরিয়া টেক্সটাইল মিলস আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকও পদত্যাগে বাধ্য হন বলে অভিযোগ উঠেছে।
প্রধান শিক্ষকের এই পদত্যাগের পর থেকে বিদ্যালয়ের অভ্যন্তরে শুরু হয় নানা ধরনের অস্থিরতা ও প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের ভেতরে থাকা দুই-তিনজন বিশেষ রাজনৈতিক পরিচয়ে হাইব্রিড শিক্ষক ও শিক্ষিকা এখন কিছু প্রভাবশালী গোষ্ঠীর সহযোগিতায় বিদ্যালয়কে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন।
স্থানীয় সূত্র জানায়, বর্তমানে “কাদেরিয়া স্কুল প্রাক্তন ছাত্র কল্যান পরিষদ” নামে একটি সংগঠন বিদ্যালয়ের কার্যক্রমে অযাচিত প্রভাব বিস্তার করছে। এই সংগঠনের চারজন সদস্য – আবুল কাশেম, আবুল কালাম আজাদ, আবুল বাশার, নাহিদ হক রাহুল – নিজেদের প্রাক্তন ছাত্র পরিচয় ব্যবহার করে বিদ্যালয়ের প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ উঠেছে।
শিক্ষক ও অভিভাবকরা জানান, এই প্রাক্তন ছাত্ররা কিছু শিক্ষকের সঙ্গে মিলে বিদ্যালয়ের সিদ্ধান্তে প্রভাব ফেলছেন, যা ধীরে ধীরে শিক্ষার পরিবেশ নষ্ট করছে।
একজন শিক্ষক (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, “প্রধান শিক্ষককে সরানোর পর থেকে সবকিছুই বিশৃঙ্খল। কয়েকজন প্রাক্তন ছাত্র আর কিছু হাইব্রিড শিক্ষক এখন স্কুল চালাচ্ছে। ছাত্রদের পড়াশোনা ও শৃঙ্খলা দুই-ই ভেঙে পড়েছে।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রাক্তন গ্রুপের সদস্যরা দাবি করেন, তারা বিদ্যালয়ের উন্নয়ন ও ঐক্যের স্বার্থে কাজ করছেন, কারও বিরুদ্ধে ষড়যন্ত্র করার প্রশ্নই ওঠে না।
এদিকে স্থানীয় শিক্ষা কর্মকর্তারা জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। প্রয়োজন হলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।







