
মোঃ ইমরান হোসাইন বাউফল, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী-২ (বাউফল) আসনে ১০ দলীয় জোটের আসন সমঝোতার অংশ হিসেবে খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আইউব বিন মুসা তাঁর মনোনয়ন প্রত্যাহার করেছেন।
১০ দলীয় জোটের ঐক্য ও সম্মিলিত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেন। এর ফলে উক্ত আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থীর পক্ষে সর্বাত্মকভাবে কাজ করার ঘোষণা দেন তিনি।
অধ্যাপক মাওলানা আইউব বিন মুসা বলেন, “দেশ, গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধ রক্ষার বৃহত্তর স্বার্থে ১০ দলীয় ঐক্য অত্যন্ত জরুরি। সেই ঐক্যকে শক্তিশালী করতেই আমি মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।”
এ সময় খেলাফত মজলিসের স্থানীয় নেতাকর্মীরা ১০ দলীয় জোটের প্রার্থীর পক্ষে মাঠে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ সিদ্ধান্ত বাউফল অঞ্চলে ১০ দলীয় জোটের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করবে।







