
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গা রেলব্রিজের কাছে রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, মহাডাঙ্গা রেলব্রিজ থেকে প্রায় ২০০ ফুট আগে রেললাইনের পাশের একটি পুকুরের ধারে মরদেহটি পড়ে ছিল। দীর্ঘদিন ধরে পড়ে থাকায় মরদেহে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে একটি ব্যাগও উদ্ধার করা হয়েছে। ব্যাগে কিছু পোশাক ও ব্যক্তিগত ব্যবহারের সামগ্রী পাওয়া গেছে।
খবর পেয়ে রাজশাহী সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি সাত থেকে আট দিন আগের। এখনো মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, রাজশাহী সিআইডির প্রতিনিধি ঘটনাস্থল পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন। আলামতের বৈজ্ঞানিক বিশ্লেষণ শেষে বিস্তারিত প্রতিবেদন পাওয়া যাবে। ওসি বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর কেউ মরদেহটি ঘটনাস্থলে ফেলে রেখে গেছে। আবার রেললাইনে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাও হতে পারে। তদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।” এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।







