
স্টাফ রিপোর্টার,
নবী ওয়ালিউল্লাহ
*নওগাঁ | ২৬ জানুয়ারি ২০২৬*
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৬ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল মান্দা থানাধীন ৩ নং পরানপুর ইউনিয়নের দাওইল গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় দাওইল গ্রামের আফসার আলীর বসতবাড়ির আঙ্গিনায় তিনজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানকালে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যা পরবর্তীতে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—
১. মো. হেলাল উদ্দিন (৩৬), পিতা: মো. আফসার আলী, সাং: পরানপুর (দক্ষিণপাড়া),
২. মো. নাজমুল হোসেন (২৮), পিতা: মো. মোহর আলী, সাং: পরানপুর (সোনারপাড়া),
৩. মো. আলাল উদ্দিন (৩৮), পিতা: মো. সাদেক আলী, সাং: দাওইল, থানা: মান্দা, জেলা: নওগাঁ।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে আগামী দিনগুলোতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। এ বিষয়ে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।







