
মো.রিয়াজুল সোহাগ, নোয়াখালী জেলা প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা মাওলানা বোরহান উদ্দিন এলাকায় সক্রিয় হয়ে উঠেছেন। তিনি প্রতিদিন মসজিদ, মন্দির, ঘাট থেকে শুরু করে গ্রামীণ হাট-বাজার ও মাঠে মাঠে ছুটে বেড়াচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াত নেতা বোরহান উদ্দিন নির্বাচনী এলাকার সাধারণ মানুষের সাথে মতবিনিময় করছেন এবং বন্যা পরবর্তী সংস্কারের কাজ, খাল পুনরুদ্ধারসহ ধর্মীয় ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব কার্যক্রমে তিনি নিজের কর্মপরিকল্পনা তুলে ধরছেন। তার প্রচারণায় ইসলামপন্থী কর্মী ছাড়াও স্থানীয় তরুণদের একটি অংশ সক্রিয় ভূমিকা রাখছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন পর জামায়াতের প্রার্থী প্রকাশ্যে মাঠে নামায় এলাকায় আলোচনার ঝড় উঠেছে। বিশেষ করে নোয়াখালী-৩ আসনের ভোটারদের কাছে বোরহান উদ্দিন নিজেকে বিকল্প নেতৃত্বে প্রতিষ্ঠা করতে চাইছেন।
এ বিষয়ে মাওলানা বোরহান উদ্দিন বলেন, “আমি জনগণের প্রার্থী হয়ে মাঠে নেমেছি। মানুষের সমস্যা ও দাবি সরাসরি শুনছি। তাদের আস্থা ও দোয়া নিয়েই আগামী নির্বাচনে অংশ নেব।”
নির্বাচন সামনে রেখে বেগমগঞ্জে তার এই সক্রিয়তা অন্য রাজনৈতিক দলগুলোর জন্যও ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন স্থানীয় লোকজন।







