
রংপুর প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে রংপুর বিভাগজুড়ে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-১৩। ঈদকে কেন্দ্র করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, টহল কার্যক্রম ও বিশেষ চেকপোস্ট স্থাপনসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” মূলমন্ত্রকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীকে আইনের আওতায় আনার পাশাপাশি ঈদ ও ধর্মীয় অনুষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদারে কাজ করে যাচ্ছে র্যাব।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রংপুরের ঐতিহ্যবাহী কালেক্টরেট প্রধান ঈদগাহ মাঠ এ আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদের জামাতকে কেন্দ্র করে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম হওয়ায় মাঠ ও আশপাশ এলাকায় টহল জোরদার, সাদা পোশাকে সদস্য মোতায়েন এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হবে। এছাড়াও অন্যান্য ঈদগাহ ময়দানেও র্যাবের নিরাপত্তা টহল বৃদ্ধি করা হয়েছে। সম্ভাব্য নাশকতা, চুরি, ছিনতাই ও বিশৃঙ্খলা প্রতিরোধে র্যাব সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকবে। একই সঙ্গে প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল টিমও মোতায়েন করা হবে।
এদিকে ঈদকে সামনে রেখে রংপুর বিভাগের বিভিন্ন পশুর হাটে সাধারণ ক্রেতা, বিক্রেতা ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চুরি, ছিনতাই, জাল টাকা লেনদেন, মলম পার্টি ও অজ্ঞান পার্টির তৎপরতা রোধে গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সাদা পোশাকে সদস্য মোতায়েন করা হয়েছে। জাল নোট শনাক্তকরণ মেশিনের মাধ্যমে হাটে সহায়তাও প্রদান করছে র্যাব।
ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হাইওয়ে ও বিভিন্ন টার্মিনালে টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানানো হয়। পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ক্ষেত্রে পুলিশের সঙ্গে সমন্বয় করে চিহ্নিত ছিনতাইকারী ধরতেও অভিযান চালানো হচ্ছে।
যেকোনো তথ্য প্রদান বা সহায়তার জন্য র্যাব-১৩ এর কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৭৭৭৭১১৩৯৯-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
র্যাব-১৩ আশা প্রকাশ করে জানায়, সকলের সম্মিলিত সহযোগিতায় রংপুরে আসন্ন ঈদ-উল আযহা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।







