
ঠাকুরগাঁও প্রতিনিধি:
হাসিনুজ্জামান মিন্টু
সমাজ থেকে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ নির্মূলে জনসচেতনতা বাড়াতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশের উদ্যোগে রবিবার (১৪ জুন) বিকেলে উপজেলার ৭ নম্বর আমজানখোর ইউনিয়নের স্কুলহাট বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, মাদকাসক্তি, জুয়া, নারীদের উত্ত্যক্ত করা এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। এসব অপরাধ রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়; প্রয়োজন সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বুলবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পীরগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই সরকার।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে এবং একটি সুস্থ সামাজিক পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পুলিশ সর্বদা জনগণের পাশে থাকবে।
সমাবেশে ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি অপরাধমুক্ত, নিরাপদ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।






