
মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) স্টাফ রিপোর্টার
অদ্য ১১ মে ২০২৬ ইং, রোজ সোমবার সকাল ১০:৩০ ঘটিকায় রৌমারী উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশের উত্তরাঞ্চলের নদী দ্বীপ (চর) এলাকায় দুর্যোগ ঝুঁকি হ্রাস (Community-Based Program for Disaster Risk Reduction in the Northern Riverine Islands (Chars) of Bangladesh) শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ের প্রকল্প সূচনা কর্মশালা সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলাউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রৌমারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা, উপজেলা এলজিইডি কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সরবেশ আলী, রৌমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ রাজ্জাক আলীসহ যাদুরচর ও রৌমারী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও কর্মশালায় অংশগ্রহণ করেন সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধি, এফডিএমসি প্রতিনিধি, বন্যা স্বেচ্ছাসেবক প্রতিনিধি, কমিউনিটি প্রতিনিধি এবং ফ্রেন্ডশিপের প্রকল্প ব্যবস্থাপক জনাব উজ্জ্বল দিও, মোঃ আহসান হাবিব, প্রকল্প ব্যবস্থাপক (জিজি), ফাইন্যান্স অফিসার জনাব মোঃ মারুফ চৌধুরীসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। কর্মশালাটি সঞ্চালনা করেন জনাব মোঃ খায়রুল ইসলাম, প্রজেক্ট অফিসার। সূচনা বক্তব্যে জনাব উজ্জ্বল দিও, প্রকল্প ব্যবস্থাপক, ফ্রেন্ডশিপ, রৌমারী প্রকল্পের সার্বিক লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন কৌশল তুলে ধরেন।
পরবর্তীতে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, প্রত্যাশিত ফলাফল এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে গৃহীত পরিকল্পনা বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়। উপস্থাপনায় ফ্রেন্ডশিপের কার্যক্রম, দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং চরাঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত উদ্যোগসমূহ তুলে ধরা হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে গৃহীত পদক্ষেপ, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনার চিত্রভিত্তিক উপস্থাপনাও করা হয়।
উপস্থাপনা শেষে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা বিভিন্ন মতামত, সুপারিশ ও প্রশ্ন উত্থাপন করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ শামসুদ্দিন বলেন, প্রকল্পের অবকাঠামোগত কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আলাউদ্দিন বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাসে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। তিনি প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং সকল কার্যক্রম স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়নের আহ্বান জানান।
এসময় যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সরবেশ আলী বলেন, ফ্রেন্ডশিপ দীর্ঘদিন ধরে চরাঞ্চলের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন করায় তা আরও কার্যকর ও প্রশংসনীয় হয়েছে।
উপস্থিত ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, কমিউনিটি প্রতিনিধি ও অংশগ্রহণকারীরা প্রকল্পের বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে চরাঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।
সবশেষে উপস্থিত সকল অতিথি, প্রতিনিধি ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।







