
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
মাদকের বিস্তার রোধে কুমিল্লা জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, সামাজিক অবক্ষয় রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে জেলার সব থানায় নিয়মিত মাদকবিরোধী সমাবেশ ও র্যালির পাশাপাশি সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশের তথ্যমতে, অভিযানের ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে মাদকের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগে মোট ৯০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিভিন্ন আদালতে পাঠানো হয়।
পরবর্তীতে নিয়মিত মামলা রুজু, মোবাইল কোর্ট এবং বিভিন্ন বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার এর মাধ্যমে সংশ্লিষ্ট আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের সাঁড়াশি অভিযান ও কঠোর আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রত্যাশা করেছে পুলিশ।







