
ষ্টাফ রিপোর্টার:
দিনাজপুরের কোতয়ালী থানাধীন এলাকায় র্যাব-১৩ এর অভিযানে একটি অবৈধ বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রে দীক্ষিত হয়ে র্যাব অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৫টা ৩০ মিনিটে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার ৯নং আস্কারপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খানপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় পলাতক আসামী মাহবুবর রহমানের (৩৭), পিতা মৃত জাবেদ আলী, বসতবাড়ি তল্লাশি করে শোকেসের নিচের ড্রয়ার থেকে কালো পলিথিনে মোড়ানো ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে লোড করা ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।









