
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী থানাধীন কাশিপুর ইউনিয়নের অনন্তপুর আবাসন এলাকায় র্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুইজন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৩ সদর কোম্পানি, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সকাল ৭টা ১৫ মিনিটে ৬নং কাশিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ অনন্তপুর আবাসনের একটি বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে। এ সময় ৪টি প্লাস্টিকের বস্তায় প্রতিটি ৪.৫ কেজি করে মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা। পাশাপাশি ২ বোতল ফেনসিডিলও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নুর ইসলাম (৪০), পিতা-মৃত খয়বার আলী এবং রেহেনা @ মঞ্জি (৩৮), স্বামী-মৃত সাখাওয়াত, পিতা-মৃত মকবুল হোসেন। তারা উভয়েই অনন্তপুর আবাসন, ১নং ওয়ার্ড, কাশিপুর ইউনিয়ন, ফুলবাড়ী, কুড়িগ্রামের বাসিন্দা।
র্যাব সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃতরা অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল। তারা বিভিন্ন কৌশলে মাদক পরিবহন ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করত।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদের ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।







